প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 22, 2025 ইং
দীঘিনালায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে জোন কমান্ডারের মতবিনিময় ও আর্থিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা জোনের উদ্যোগে এক মতবিনিময় সভা ও নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) দীঘিনালা জোন সদর দপ্তরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লে: কর্নেল মো: ওমর ফারূক।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মো: আকিব মল্লিক, জোনের অন্যান্য অফিসারবৃন্দ, উপজেলার ৫ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ১১টি চার্জের ১১ জন প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি এবং আনসার প্রতিনিধি।
সভায় জোন কমান্ডার মহোদয় উপস্থিত সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে শুভ বড়দিনের আগাম শুভেচ্ছা জানান। তিনি বলেন, “দীঘিনালা জোন সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। বড়দিন উপলক্ষে যেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা শান্তি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য দীঘিনালা জোন এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, শান্তি ও সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে সকল সম্প্রদায়ের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভা শেষে জোন কমান্ডার মহোদয় ১১টি চার্জের সভাপতিদের হাতে শুভ বড়দিনের উপহার হিসেবে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা দীঘিনালা জোনের এই মানবিক উদ্যোগ ও সহযোগিতার জন্য জোন কমান্ডারসহ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট